জুনে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই জাতীয় দলের ডাগআউটে দেখা যেতে পারে নতুন মুখ। দুই বছরের চুক্তিতে কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ কাগজে-কলমে ৩০ এপ্রিল পর্যন্ত। কিন্তু চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করা এই স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বাফুফে। তাই নতুন কোচের সন্ধানে নেমেছে সংস্থাটি।
নতুন কোচের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন অভিজ্ঞ জার্মান কোচ অ্যান্টোইন হে। তার সিভি বলছে, তিনি উয়েফা প্রো-লাইসেন্সধারী (লাইসেন্স নম্বর: এফএল ০০১৫০৮)। ১৯৭০ সালে বার্লিনে জন্ম নেওয়া এই কোচ এশিয়া ও আফ্রিকার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
তার হেড কোচের তালিকা চমকপ্রদ। তিনি মিয়ানমার (২০১৯-২০২৩ ও ২০১৮), রুয়ান্ডা (২০১৭-২০১৮), কেনিয়া (২০০৯), লাইবেরিয়া (২০০৮), গাম্বিয়া (২০০৬) ও লেসোথো (২০০৫) জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৫ সালে তিনি আলজেরিয়ার ক্লাব ইএস শেতিফে যোগ দিলেও তিন মাসের বেশি টিকতে পারেননি।
টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (২০১৫-২০১৬) ও লিবিয়া ফুটবল ফেডারেশনে (২০১০-২০১৪) টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন।
বাফুফের মানদণ্ড অনুযায়ী, নতুন কোচকে অবশ্যই এশীয় ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে ধারণা রাখতে হবে। মিয়ানমার জাতীয় দলের হয়ে দুই মেয়াদে চার বছর কাজ করায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল পরিবেশ সম্পর্কে অ্যান্টোইন হে বেশ অভিজ্ঞ। পিছিয়ে থাকা দলকে বড় মঞ্চে তুলে আনার চ্যালেঞ্জ নিতে পারেন তিনি। মিয়ানমার ও রুয়ান্ডার মতো দলের সঙ্গেই তাঁর অতীত অভিজ্ঞতা এমন ইঙ্গিতই দেয়।
নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফের আরেকটি বড় ভাবনা বাজেট। বর্তমান কোচ কাবরেরা পারিশ্রমিক পেতেন প্রায় ১৪ হাজার ডলার। ২০২২ সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় অবশ্য তাঁর বেতন ছিল ৮ হাজার ডলার। তবে সব ছাপিয়ে প্রার্থীদের টেকনিক্যাল দক্ষতাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন।
অ্যান্টোইন হে ছাড়াও বাফুফের কোচ হওয়ার জন্য আবেদন এসেছে রোমানিয়ান, ফরাসি ও পর্তুগিজ কোচদের কাছ থেকে। তাহলে কি আরও একজন ইউরোপীয় কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ?
আগামী ৫ জুন প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন কোচের অভিষেক হতে পারে। চ্যালেঞ্জিং হলেও নতুন কোচের জন্য এটি মন্দ সুযোগ নয়। এখন দেখার বিষয়, বাফুফে কাকে বেছে নেয়।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন