জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে সংগীত বিভাগের এক কর্মকর্তার সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক ছাত্রীকে আটক করে শিক্ষার্থীরা। রোববার দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত ও ওই ছাত্রীর অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী প্রায়সময়ই তবলা বাজানো শেখার জন্য ডরমিটরিতে ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তর বাসায় যেতেন। গতকাল রাতে এ ঘটনা আঁচ পেয়ে গভীর রাতে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এ সময় ডেমোনস্ট্রেটর ও ওই নারী শিক্ষার্থী বাইরে আসতে অস্বীকৃতি জানালে প্রায় রাত তিনটায় প্রক্টর ড. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী ও ড. মো. জাহিদুল কবীর এবং সহকারী প্রক্টরদের উপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করা হয়।
এদিকে ওই কর্মকর্তা জানান, তিনি তবলা বাজানো শিখতে এসেছেন। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই ছাত্রী ও ডেমোনস্ট্রেটরের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়। পরে ওই ছাত্রীকে শিউলীমালা হলে হেফাজতে পাঠানো হয়। এ বিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, গতকালের ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। তারা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং ওই ডেমোনস্ট্রেটরকে সাময়িক বরখাস্ত করেছেন। সামনে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য তারা তদারকি আরও জোরদার করবেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন