ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আসামের জোরহাট এয়ার ফোর্স স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত উড্ডয়নের সময় উড়োজাহাজটি অবতরণের মুহূর্তে স্টেশন প্রাঙ্গণেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই এএন-৩২ উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।
নিহতরা হলেন—
স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং
ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার
সার্জেন্ট জিতেন্দ্র শর্মা
অগ্নিবীর কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত খেমারাম কুমাবত
অগ্নিবীর কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত দানিশ আলম
বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, নিহত সদস্যদের পরিবারের পাশে থাকা হবে।
প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে বিমানবাহিনী বলেছে, এখন পর্যন্ত বিধ্বস্তের কারণ জানা যায়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রযুক্তিগত ত্রুটি বা পাইলটের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই বিপর্যয় ঘটতে পারে।
এএন-৩২ দুই ইঞ্জিনের সোভিয়েত আমলের সামরিক পরিবহন বিমান। পাহাড়ি এলাকা ও গরম-আর্দ্র আবহাওয়ায় দারুণ দক্ষতার জন্য ভারতীয় বিমানবাহিনীতে এটি দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় সাড়ে সাত টন মালামাল, ৫০ জন সৈন্য বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে এটি। বাহিনীর কাছে বর্তমানে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় একটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। তার অল্প সময়ের মধ্যেই এই নতুন দুর্ঘটনা ঘটল। এ নিয়ে বিমানবাহিনীতে বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে দমকল ও সেনা কর্মীরা। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবাহিনী পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন