বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার নজরে এসেছে। তিনি প্রশ্ন তোলেন, “‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বুঝিয়েছেন, সরকারের উচিত তার কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।”
জামায়াত আমির আরও বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তিনি সরকারের কাছে বিষয়টি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সরকারের কাছে এ বিষয়ে সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থেই এমন কিছু বুঝিয়ে থাকেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।”
ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা উচিত।
প্রসঙ্গত, দিনেশ ত্রিবেদী জুন মাসেই বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য ও কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জামায়াত আমিরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন কূটনীতিকের এমন বক্তব্য সাধারণত কৌশলে বলা হলেও দুই দেশের সংবেদনশীল সম্পর্কের প্রেক্ষাপটে এটি স্পষ্ট করা জরুরি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন