২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ গোলে হারের তিক্ততা ভুলতে পারছে না মিশর। ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন মিশরীয় ফুটবলার ও কোচ। আর্জেন্টিনা শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিন গোল করে কোয়ার্টার ফাইনালে উঠলেও, মিশর দাবি করছে, ম্যাচটি ‘কারচুপি’ করা হয়েছে।
ম্যাচের প্রধান রেফারি ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো। তিনি বলেন, ‘রেফারি অন্যায় করেছেন, একদম ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।’
মিশরের কোচ হোসাম হাসান আরও কঠোর ভাষায় বলেন, ‘নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রাখতে চায়। ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো ছিলাম। ফুটবল ফেয়ার নয়।’ তিনি দাবি করেন, মিশর একটি স্পষ্ট পেনাল্টি পেয়েছিল, যা রেফারি দেননি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর বৈধ গোল বাতিল করা হয়েছে। প্রতিবাদ হিসেবে তিনি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো না দেখার ঘোষণা দেন।
মিশরের আপত্তি মূলত দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ উঠলেও সেই ঘটনা ভিএআরে পর্যালোচনা করা হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। সংস্থাটির সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের পারফরম্যান্স তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, তাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব দেওয়া উচিত নয়।
এদিকে আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে বালোগানের লাল কার্ডের সিদ্ধান্ত ফিফা স্থগিত করার ঘটনায় ইউরোপজুড়ে ক্ষোভ দেখা দেয়। উয়েফা এই ঘটনাকে ‘নজিরবিহীন, অবিশ্বাস্য ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছে। ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা ফিফার স্বচ্ছতা ও সততা নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন