মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে স্বামী–স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুরের এক দম্পতি ও তাদের ৬ থেকে ৮ মাস বয়সী সন্তান রোববার (১৭ মে) গভীর রাতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চিন্ময় দাস নামের ওই ব্যক্তি ও তার শিশু সন্তানের মরদেহ ঘরের ভেতর রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিছানার পাশে স্ত্রী ইশা দাসের মরদেহ পড়ে ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ত্রীকে হত্যার পর চিন্ময় তার শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলের ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। বাসাটির মালিক ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। চিন্ময় তার চাচাতো ভাই পরিচয়ে রোববার বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন।
পরে মিষ্টি বাড়ৈয়ের ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিষ্টি বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন