রাজশাহীর পুঠিয়ায় সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৮ মে) বেলপুকুর থানায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন পুঠিয়ার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগী নারীর স্বামী।
জানা যায়, হামিদ ফকিরের বাড়ির পাশে একটি আস্তানা আছে। সেখানে ভক্তরা আসেন। ভুক্তভোগী নারীর স্বামীও তার অনুসারী। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে যাওয়ার কথা বলে স্বামী তাকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় হাত-পা বেঁধে হামিদ ফকির তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী অভিযোগে জানান, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে স্বামী চাপ দেন। পরে তিনি সুযোগ বুঝে স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার বেলপুকুর থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা এখন পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন