ইরানের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলছে, পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ভুল।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, 'অপারেশন ভিক্টরি–২'-এ ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ওয়াশিংটন তার প্রকৃত তথ্য গোপন করছে।
মোহেবির দাবি, সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হচ্ছে না। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, যেসব মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশের অনুমতি দেওয়া হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।
আইআরজিসির দাবি, 'অপারেশন ভিক্টরি–২'-এর আওতায় আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা ১৪ জন বলে জানায়। যুক্তরাষ্ট্র কয়েকজন নিহত সেনার নাম ও পরিচয়ও প্রকাশ করেছিল। তবে আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইরানের এই দাবি আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইরানের এই বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে ইরানের দাবি যাচাই না হওয়া পর্যন্ত সত্যতা নিরূপণ করা কঠিন। মার্কিন কর্মকর্তারা ইতিমধ্যে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি প্রচারণামূলক বক্তব্য মাত্র।
বিষয় : ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধ

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন