পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসায় দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যথারীতি অফিসে উপস্থিত থাকতে হবে।
সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে।
কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধসহ মোট ছুটি দাঁড়াবে ১৬ দিন।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবে।
সরকারের এই ছুটির ব্যবস্থাপনায় একদিকে সরকারি কার্যক্রম সমন্বয় রাখা হবে, অন্যদিকে শিক্ষার্থীরা ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে দীর্ঘ বিরতির সুযোগ পাবে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন